মঞ্চ প্রস্তুতই রেখেই কেবল একটি উইকেটের অপেক্ষা করছিলেন রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ সেই অপেক্ষার অবসান হলো। মোহাম্মদ আরফানের হিট উইকেটে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ঘরে পা রাখলেন রশিদ খান।
আরব আমিরাতের ইনিংসের পঞ্চদশ ওভারের তৃতীয় বলে কাঙ্ক্ষিত উইকেটটির দেখা পান রশিদ। আফগান স্পিনারের স্টাম্পে থাকা ডেলভারিটি রিভার্স সুইপ খেলার চেষ্টায় ঠিকঠাক বলের নাগাল পাননি আরফান। এদিকে শটের ফলো থ্রুতে তার ব্যাট আঘাত করে স্টাম্পে। সেই সঙ্গেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় ২৭ বছর বয়সী রশিদ খানের। এই ৭০০ উইকেটের মধ্যে এবারই প্রথম হিট উইকেটের দেখা পেলেন এ স্পিনিং জাদুকর। স্রেফ ৫১৮ ম্যাচে এ অনন্য মাইলফলক স্পর্শ করলেন রশিদ। তিনি সবচেয়ে বেশি ২৭৭টি উইকেট পেয়েছেন ক্যাচ থেকে। এর মধ্যে উইকেট কিপারের ক্যাচ ৩৯টি। আফগান তারকা স্টাম্প ভেঙেছেন ২২৫ ব্যাটারের, এলবিডব্লিউ করেছেন ১৫৪ ব্যাটারকে, স্টাম্পড করিয়েছেন ৪৩ জনকে।
আন্তর্জাতিক ক্রিকেটেই সবচেয়ে বেশি ১৯৫টি উইকেট নিয়েছেন রশিদ। এরপর সর্বোচ্চ ৯৮টি উইকেট পেয়েছেন বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রশিদের ঝুলিতে আছে ১৫৮টি উইকেট। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৩টি ও গুজরাট টাইটান্সের হয়ে ৬৫টি। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তার শিকার ৪৪টি।
টি-টোয়েন্টি সংস্করণে রশিদের আশেপাশেও নেই আর কেউ। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। ৫৮৩ ম্যাচে ৫১৩ উইকেট নিয়ে পরেই ব্রাভোর সতীর্থ সুনীল নারাইন। ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮) ও সাকিব আল হাসান (৫০৭) বাদে আর কারও ৫০০ উইকেটও নেই।
