‘মন্ত্রী নয়, খেলোয়াড় হিসেবে প্রতিভা বাছাই তদারকি করবো’

‘মন্ত্রী নয়, খেলোয়াড় হিসেবে প্রতিভা বাছাই তদারকি করবো’

ফন্ট সাইজ:

তৃণমূল থেকে প্রকৃত মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে এক প্রকল্প হাতে নিয়েছে সরকার। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে হতে যাওয়া এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে নিজে তদারকির কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিভা বাছাইয়ে অনিয়ম ও স্বজনপ্রীতি রুখতে হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিভা বাছাইয়ে কোনো স্বজনপ্রীতি থাকবে না। আমি মন্ত্রী হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে এটা তদারকি করবো। আমাদের মেডিক্যাল টিম থাকবে যারা সর্বাত্মক চিকিৎসা প্রদান করবে।’

অতীতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে সরকারের অর্থ অপচয় হলেও এবার তা হতে দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। মন্ত্রণালয়, এনএসসি কর্মকর্তাদের সহায়তা করছে। আমাদের কোনো ভুল-ত্রুটি থাকলে আপনারা দেখিয়ে দেবেন, আমরা শুধরে নিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করব সবাই একসঙ্গে।’ বিকেএসপি ও বৃত্তি প্রসঙ্গে আমিনুল হক জানান, ‘আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব। মেধাবী কিশোর-কিশোরীরা কোনো না কোনো স্কুলের শিক্ষার্থী হবে, ফলে তাদের ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। এ ছাড়া আঞ্চলিক বিকেএসপিগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে যাতে চট্টগ্রামের প্রতিভা সেখানেই থাকতে পারে।’

আগামী ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকসসহ মোট ৮টি ডিসিপ্লিনে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন