বিএফএলের সূচিতে পরিবর্তন

বিএফএলের সূচিতে পরিবর্তন

ফন্ট সাইজ:

সারা দেশের যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে মেধাবী ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার চালু করছে মেগা প্রকল্প ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আগামী ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে সফল করতে বাংলাদেশ ফুটবল লীগের (বিপিএল) পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২রা মে সিলেটের মূল অনুষ্ঠানের পাশাপাশি দেশের প্রতিটি জেলা স্টেডিয়ামেই শিশু-কিশোরদের উপস্থিতিতে উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা, গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকরা লিগের সূচি সমন্বয়ের জন্য বাফুফেকে অনুরোধ জানান। জেলা প্রশাসনের এই আবেদনে সাড়া দিয়ে বাফুফের পেশাদার লীগ কমিটি খেলা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ১লা মে’র নির্ধারিত খেলাগুলো এখন অনুষ্ঠিত হবে ৩০শে এপ্রিল। আর ২রা মে’র ম্যাচগুলো হবে ১লা মে।

সূচিতে বদল আসায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্লাবগুলো। কুমিল্লায় ১লা মে বসুন্ধরা কিংসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ছিল ঢাকা মোহামেডানের। সূচি এগিয়ে আসায় মোহামেডান আজ সকালেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যান্য ক্লাবগুলোও দ্রুততম সময়ের মধ্যে তাদের পরিকল্পনা ও ভ্রমণ সূচি পুনর্র্নিধারণ করছে। তবে লীগের খেলা এগিয়ে আসলেও আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ফেডারেশন কাপের সূচি অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে বাফুফে।
২রা মে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন