অভিষেকের ব্যর্থতায় ফিরলো ইমরুল কায়েসের স্মৃতি

অভিষেকের ব্যর্থতায় ফিরলো ইমরুল কায়েসের স্মৃতি

ফন্ট সাইজ:

সময়টা একদমই অনুকূলে নেই টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মার। রোববার পাকিস্তানের বিপক্ষে ভারত বড় জয় পেলেও, রানের খাতা খুলতে পারেননি এ মারকুটে ব্যাটার। প্রথম ওভারে পাকিস্তান অধিনায়ক সালমাল আলী আঘার চার বল খেলে শাহীন শাহ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক। আর তাতেই ফিরছে বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েসের প্রায় ১৬ বছর আগের ভুলে যাওয়ার মতো এক স্মৃতি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের জয় ৬১ রানে। আয়োজক দেশটির ৭ উইকেটে দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলা ওপেনার ইশান কিষান জয়ের অন্যতম নায়ক। তবে ওপেনিংয়ে তার সঙ্গী অভিষেক ফিরে যান রানের খাতা না খুলেই। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেও খালি হাতে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। আলী খানের করা প্রথম বলেই সঞ্জয় কৃষ্ণমূর্তির হাতে ক্যাচ দেন অভিষেক। সীমিত সংস্করণের বিশ্বকাপ ইতিহাসে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে নিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া স্রেফ তৃতীয় ব্যাটার অভিষেক। এতদিন তারই পূর্বসূরি আশীষ নেহরার সঙ্গে এই তিক্ত রেকর্ডের মালিক যৌথভাবে ছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শূন্য রানে সাজঘরে ফেরেন ইমরুল। সেটিই ছিল তার প্রথম ও শেষ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচেই ডাক মারার পর আর মাঠে নামার সুযোগ হয়নি তার। তাই বিশ্বকাপে ইমরুলের সংগ্রহ দুই ম্যাচে শূন্য রান। একই অভিজ্ঞতা ভারতের সাবেক পেসার নেহরারও। বিশ্বকাপে তার নামের পাশেও কোনো রান নেই। প্রায় ১৬ বছর পর এবার ইমরুলদের পাশে বসলেন অভিষেক। আগামী বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারত। সে ম্যাচেও অভিষেক শূন্য রানে আউট হলে, ইমরুলকে ও নেহরাকে পেছনে ফেলে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়বেন অভিষেক।

অবশ্য, অভিষেকের সাম্প্রতিক ফর্ম দেখে সেই শঙ্কা উড়িয়ে দেয়ার অবকাশ নেই। কেননা, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ চার ইনিংসের তিনটিতেই ডাক মেরে ফিরে গেছেন অভিষেক। দু’টিতে আবার গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট)। এ সংস্করণে শেষ ছয় ইনিংসে তার রান ০ (৪), ০ (১), ৩০ (১৬), ০ (১), ৬৮* (২০), ০ (১)।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন