এফএ কাপে আর্সেনালের ইতিহাসগড়া জয়

এফএ কাপে আর্সেনালের ইতিহাসগড়া জয়

ফন্ট সাইজ:

এফএ কাপে ভক্তদের অনুমিত ফলই উপহার দিলো আর্সেনাল। চতুর্থ রাউন্ডে রোববার উইগান অ্যাথলেটিকের বিপক্ষে গানারদের জয় ৪-০ গোলে। ম্যাচের বয়স আধঘন্টা হওয়ার আগেই স্রেফ ১৬ মিনিটের ব্যবধানে গোল চারটি করে আর্সেনাল। শেষ ৩৪ বছরে প্রিমিয়ার লীগের কোনো ক্লাব এতটা দাপট দেখাতে পারেনি। এ জয়ে ছয় বছর পর এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলবে জায়ান্টরা।

১৯৯২-৯৩ মৌসুমের পর এফএ কাপের কোনো ম্যাচে প্রথম ৩০ মিনিটের মধ্যে চার গোল করা প্রথম ক্লাব আর্সেনাল। গত বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের সঙ্গে হোঁচট খাওয়া (১-১) ম্যাচটি থেকে এদিন আটটি পরিবর্তন আনেন কোচ মিকেল আর্তেতা। তবুও আক্রমণভাগে ছিলেন বুকায়ো সাকা, এবেরেচি এজে, ননি মাদুয়েকে, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি মতো তারকারা। তাদের মধ্যে জালের দেখা পান তিনজনই, অন্যটি আত্মঘাতী। ম্যাচের পর আর্সেনাল বস আর্তেতা বলেন, ‘ এটি (ফল) খুবই ভালো হয়েছে। আমরা অনেক (৮) পরিবর্তন করেছি। এমন খেলোয়াড়রা ছিল, যাদের কিছু মিনিট খেলা প্রয়োজন ছিল। তারা ম্যাচটি খুব ভালোভাবে শুরু করেছে। দারুণ গতি ছিল। এবং প্রথমার্ধই পার্থক্য গড়ে দিয়েছে।’

দলের স্প্যানিশ কোচ আরও বলেন, ‘ম্যাচের প্রথম কয়েক মিনিটে আমরা যে তীব্রতা দেখিয়েছি, দল হিসেবে (আমাদের) যে অভিপ্রায় ছিল, আর যেসব খেলোয়াড় আগে একসঙ্গে ম্যাচ খেলেনি, তাদের মধ্যকার যে সমন্বয় ছিল, সবই খুব ইতিবাচক।’

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের প্রথম দুটি গোলের কারিগর এবেরেচি এজে। একাদশ মিনিটে তার পাস থেকে মাদুয়েকের গোলে এগিয়ে যায় আর্সেনাল। মিনিট সাতেকের মধ্যে ইংলিশ ফরোয়ার্ডের অ্যাসিস্টেই ব্যবধান বাড়ান মার্তিনেল্লি। এর পাঁচ মিনিটের মধ্যে আরেকটি গোল যোগ হয় স্কোরশিটে। মরগান ফক্সকে গতিতে পরাস্ত করে মাদুয়েকে পাস ঠেলে দেন সাকার দিকে। ইংলিশ উইঙ্গারের পুলব্যাক জেসুসের পায়ে লেগে দিক পাল্টায় এবং বিভ্রান্ত হয়ে আত্মঘাতী হেডে নিজেদের জালেই বল জড়ান উইগানের জ্যাক হান্ট। আবারও পাঁচ মিনিটের মধ্যেই গোল করে স্বাগতিকরা। ক্রিশ্চিয়ান নরগার্ডের ওপর দিয়ে বাড়ানো লম্বা বল নিজের নিয়ন্ত্রণে নেন জেসুস। এগিয়ে আসা টিকলের মাথার ওপর দিয়ে দর্শনীয় এক চিপে দলের চতুর্থ ও শেষ গোলটি করেন তিনি।

বিরতির পর সাকার জায়গায় মাঠে আসেন ভিক্টর ইয়োকেরেস। সুইডিশ তারকা দলের পঞ্চম গোলটি প্রায় করেই ফেলেছিলেন। তবে তার প্রথম শটটি ফিরে আসে গোলপোস্টে লেগে। এরপর বেশ কিছু আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আর্সেনাল।

এ জয়ে ২০২০-এর পর এবারই প্রথম এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলবে আর্সেনাল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন