ক্ষমতাসীন দল বিএনপি’র সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস নেতৃত্বাধীন ৭ সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার বিকালে গুলশান চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ইইউ’র প্রতিনিধিদল বিএনপি’র কাছে ১৯টি সুপারিশ সংবলিত একটা প্রস্তাবনা দিয়েছে।
তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ ছিল ৬টি। ২০০৮ সালের পর এই প্রথম নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতাকে ব্যাপকভাবে সম্মান দেয়া হয়েছে। তবে, কিছু বিক্ষিপ্ত, স্থানীয় রাজনৈতিক সহিংসতা এবং প্রায়শই বিভ্রান্তিকর অনলাইন বয়ানের মাধ্যমে উস্কে দেয়া মব আক্রমণের অব্যাহত ভীতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। নারীদের জন্য সীমিত রাজনৈতিক সুযোগ তাদের সমান অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অংশীজনদের আস্থা বজায় রেখে এবং নির্বাচনের সততা সমুন্নত রেখে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন, পরবর্তীতে স্বচ্ছভাবে ফলাফল বিন্যাসকরণ ও সংকলন প্রক্রিয়া এবং ফলাফলের ব্যাপক গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়া গণতন্ত্রের নবায়নকে সামনে এগিয়ে নিতে পারে। বিএনপি’র প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন।
