ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক শিশুকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন- গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ শিশু, হামের উপসর্গে মৃত্যু হয়েছে তিন শিশুর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৪ শিশু। তিনি আরও বলেন, গত ১৭ই মার্চ থেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯২৫ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩১ শিশু ও এই সময়ে মারা গেছে ২০ শিশু।
ডা. মাইন উদ্দিন বলেন, মৃতদের মাঝে ৭ মাস বয়সী এক শিশু রয়েছে। ওই শিশুটি হামের উপসর্গ নিয়ে ২২শে এপ্রিল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়। গত সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি গৌরীপুর উপজেলায়। একই সময়ে হাসপাতালে ৪ মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত ২৩শে এপ্রিল রাত সোয়া ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। অপরদিকে একই সময়ে ৫ মাস বয়সী এক ছেলে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শিশুটি গত ২০শে এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। শিশুটির বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন- নানা সংকটেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
