সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এসব ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রথীন্দ্র তালুকদারের লোকজনের মধ্যে কয়েকদিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দিলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরকারি গোপাট দিয়ে রথীন্দ্র তালুকদারের লোকজন হাওর থেকে ধান আনাকালীন বিজয় তালুকদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এতে রথীন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১০ জন ও বিজয় তালুকদারের পক্ষের একজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রথীন্দ্র তালুকদারের পক্ষের গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, একইদিন বেলা ২টার দিকে উপজেলার জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে যাওয়া নিয়ে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের আবাব মিয়া ও তফরুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পৃথক দুইটি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
