বিশ্বকাপ ফুটবল যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখনই ফুটবল বিশ্বে চোটের মিছিল শুরু হয়েছে। মাঠের লড়াই শুরুর দেড় মাস বাকি থাকতেই দুঃসংবাদ এলো দুই বড় তারকাকে নিয়ে। একদিকে এসি মিলানের ক্রোয়াট মহাতারকা লুকা মদরিচের মৌসুম শেষ হয়ে গেছে। অন্যদিকে, হ্যামস্ট্রিং চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
জুভেন্টাসের বিপক্ষে সোমবার গোলশূন্য ড্র করে এসি মিলান। ম্যাচে ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে সংঘর্ষে গালের হাড় ভেঙে যায় লুকা মদরিচের। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ত্রোপচার সফল হলেও অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে রোজেনেরিদের হয়ে সিরি আ-তে চলতি মৌসুমে আর নামা হচ্ছে না তার। তবে ক্রোয়েশিয়ান ভক্তদের জন্য আপাতত আশার খবর, ১৭ই জুন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন মদরিচ। সেক্ষেত্রে ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারকে মাঠে দেখা যেতে পারে বিশেষ সুরক্ষামূলক মাস্ক পরে। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, অধিনায়কের পুনর্বাসনে সব ধরনের সমর্থন দিচ্ছে দল।
মদরিচের মতো গুরুতর অবস্থা না হলেও, রিয়াল ফরোয়ার্ড এমবাপ্পের চোট কপালে ভাঁজ ফেলেছে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের। গত শুক্রবার রিয়াল বেটিসের সঙ্গে ড্র করা ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে এই ২৭ বছর বয়সী তারকার। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নির্দিষ্ট করে ফেরার সময় জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, ক্লাবের হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করতে পারেন তিনি। ১৬ই জুন সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরুর আগে এমবাপের এই চোট ফরাসি শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
