চ্যাম্পিয়ন্স লীগের আরও কাছে ম্যান ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লীগের আরও কাছে ম্যান ইউনাইটেড

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাইকেল ক্যারিক যেন এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে এসেছেন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে সোমবার ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লীগে ফেরার পথ প্রায় প্রশস্ত করে ফেলেছে রেড ডেভিলরা। এই জয়ের ফলে সরাসরি ইউরোপসেরার মঞ্চে ফেরার লক্ষ্যে এখন মাত্র ২ পয়েন্ট দূরে ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ফুটবল। মাঝমাঠে কোবি মাইনুর শৈল্পিক বিচরণ এবং ব্রুনো ফার্নান্দেজের বুদ্ধিদীপ্ত সব পাসে ব্রেন্টফোর্ডকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। ম্যাচের প্রথম গোলটি আসে অভিজ্ঞ ক্যাসেমিরোর হেড থেকে। ব্রুনোর ডেলিভারি থেকে হ্যারি ম্যাগুয়ারের বাড়ানো হেডে দুর্দান্ত ফিনিশিংয়ে রেড ডেভিলদের এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে এটি ক্যাসেমিরোর নবম লীগ গোল।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেসকো। আবারও নেপথ্যের কারিগর সেই অধিনায়ক ব্রুনো। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে ক্ষিপ্র গতিতে কাউন্টার অ্যাটাকে যান তিনি। সেখান থেকে তার নিখুঁত পাস খুঁজে নেয় সেসকোকে। ঠাণ্ডা মাথায় ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন সেসকো। চলতি মৌসুমে এটি ছিল ব্রুনোর ১৯তম অ্যাসিস্ট। প্রিমিয়ার লীগের এক মৌসুমে রেকর্ড ২০ অ্যাসিস্ট ছোঁয়া এখন এ পর্তুগিজ তারকার জন্য সময়ের ব্যাপার মাত্র।

দ্বিতীয়ার্ধে সফরকারীরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও ম্যাগুয়ার এবং ল্যামেন্সের দৃঢ়তায় রক্ষা পায় ইউনাইটেড। থিয়াগো একের পর এক সুযোগ মিস করায় কপাল পোড়ে ব্রেন্টফোর্ডের। শেষ দিকে ম্যাথিয়াস জেনসেনের এক সান্ত্বনার গোল স্রেফ ব্যবধানই কমায়।

আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। যদি বাকি চার ম্যাচের সমীকরণ ঠিক থাকে, তবে গত তিন মৌসুমের মধ্যে সর্বোচ্চ তিনে থেকে লিগ শেষ করতে পারবে তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন