বিশ্বকাপের আগে ফুটবলারদের সুখবর দিলো ফিফা। আসন্ন মহাযজ্ঞের আগে হলুদ কার্ডের গেরো থেকে ফুটবলারদের স্বস্তি দিতে ‘অ্যামনেস্টি’ বা কার্ড মওকুফের নিয়মে যুগান্তকারী পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল শেষে—দুই ধাপে ফুটবলারদের আগের সব হলুদ কার্ড বাতিল হয়ে যাবে।
আসন্ন ৪৮ দলের বিশ্বকাপে যোগ হয়েছে একটি বাড়তি নক-আউট পর্ব। বর্তমান নিয়মে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে একজন খেলোয়াড়কে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। তাই ফিফার আশঙ্কা, কার্ড জমার কারণে অনেক মহাতারকা শেষ চারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন। গ্ল্যামার হারানো ঠেকাতে তাই দুই স্তরের ‘সেফটি নেট’ তৈরি করছে ফিফা। নতুন নিয়মে, গ্রুপ পর্বের ৩ ম্যাচের মধ্যে ২টিতে কার্ড পেলে কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হবেন। নতুবা রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে ২টিতে কার্ড দেখলে তিনি পরের ম্যাচ মিস করবেন। অর্থাৎ, নক-আউট পর্ব শুরু হলেই গ্রুপ পর্বের পাপ মোচন হবে।
আজ ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে। এর ফলে মেসি-রোনালদোদের মতো দলের প্রানভোমরাদের আর কার্ডের গ্যাঁড়াকলে পড়ে থাকতে হবে না।
