ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার সঙ্গে সম্পর্কের গভীরতা তুলে ধরে কূটনৈতিক প্রচেষ্টায় মস্কোর সমর্থনকে স্বাগত জানিয়েছেন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা ও শক্তি প্রমাণ করেছে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সংহতির জন্য কৃতজ্ঞ এবং কূটনীতিতে রাশিয়ার সমর্থনকে স্বাগত জানাই। এ খবর দিয়েছে অনলাইন ডন।
ওদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ কিরগিজস্তানে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালায়ি-নিকের সঙ্গে বৈঠক করেছেন বলে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস জানিয়েছে। বেলৌসোভ পুনরায় বলেছেন, ইরান যুদ্ধের সমাধান শুধুমাত্র কূটনৈতিক উপায়েই সম্ভব এবং তিনি আশা প্রকাশ করেন, মস্কো ও তেহরান একে অপরকে সমর্থন অব্যাহত রাখবে।
এদিকে তালায়ি-নিক বেলারুশ সফরও করেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে তিনি প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিনের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটা জানায়, উভয় পক্ষ একমত হয়েছেন যে- সংঘাতের একমাত্র সমাধান হলো রাজনৈতিক-কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া এবং আলোচনার গতি বাড়ানো। বৈঠকে মিনস্ক ও তেহরানের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আগ্রহও পুনর্ব্যক্ত করা হয়েছে।
ওদিকে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই সতর্কবার্তা দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, তারা ইরান সরকারের ওপর ‘আর্থিক শ্বাসরোধ’ করার আরোপ করছে।
এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি এয়ারলাইন্সের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, বিদেশি সরকারগুলোকে নিশ্চিত করতে হবে, তাদের অধীনস্থ কোম্পানিগুলো যেন এসব বিমানে কোনো ধরনের সেবা না দেয়। যেমন জ্বালানি সরবরাহ, খাবার সরবরাহ, অবতরণ ফি বা রক্ষণাবেক্ষণ।
