হরমুজ অতিক্রম করলো ৫০ কোটি ডলার মূল্যের রুশ প্রমোদতরী

হরমুজ অতিক্রম করলো ৫০ কোটি ডলার মূল্যের রুশ প্রমোদতরী

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দরকষাকষি চলছে, তখন ওই প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার একটি বিলাসবহুল সুপারইয়োট বা প্রমোদতরী। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ এক ধনকুবের আলেক্সেই মোরদাশভের সঙ্গে সংশ্লিষ্ট ওই প্রমোদতরী।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রে থাকা এই অবরুদ্ধ নৌপথ দিয়ে খুব কম সংখ্যক জাহাজই চলাচল করছে। তার মধ্যেই এই প্রমোদতরীর যাত্রা নজর কাড়ছে সবার। ‘নর্ড’ নামের এই প্রমোদতরীটির দৈর্ঘ্যে ১৪২ মিটার (৪৬৫ ফুট)। এর মূল্য ৫০ কোটি ডলারের বেশি। শুক্রবার গ্রিনিচ মান সময় বিকাল প্রায় ২টার দিকে দুবাইয়ের একটি মেরিনা থেকে যাত্রা শুরু করে নর্ড।

মেরিনট্রাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, শনিবার সকালে এটি হরমুজ প্রণালি অতিক্রম করে এবং রোববার ভোরে মাসকাটে পৌঁছায়। বহু ডেকবিশিষ্ট বিলাসবহুল জাহাজটি কীভাবে এই রুট ব্যবহারের অনুমতি পেল, তা স্পষ্ট নয়। ফেব্রুয়ারি থেকে ইরান প্রণালিটিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সাধারণত এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। মোরদাশভের এক প্রতিনিধি সোমবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থির যুদ্ধবিরতি চললেও, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে এখন প্রতিদিন মাত্র অল্প কয়েকটি, মূলত বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। অথচ ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ এ পথে যাতায়াত করত। প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। রাশিয়া ও ইরান দীর্ঘদিনের মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের একটি চুক্তির মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সপ্তাহান্তে পাকিস্তান ও ওমানে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার রাশিয়ায় পৌঁছেন। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। মোরদাশভকে পুতিনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে ‘নর্ড’ ইয়টটির মালিক হিসেবে তার নাম নেই, ২০২৫ সালের শিপিং ডাটা ও রুশ কর্পোরেট নথি অনুযায়ী এটি ২০২২ সালে তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটি রাশিয়ার চেরেপোভেৎস শহরে নিবন্ধিত। সেখানে মোরদাশভের স্টিল কোম্পানি সেভারস্টালও নিবন্ধিত।

ইউক্রেন আক্রমণের পর পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে রুশদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, মোরদাশভ তাদের মধ্যে একজন। শিল্পবিষয়ক প্রকাশনা সুপারইয়ট টাইমসের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ এই সুপারইয়ট ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেটরুম, একটি সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি সাবমেরিন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন