ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত অ্যালেন

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত অ্যালেন

ফন্ট সাইজ:

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত আরও দুটি অভিযোগও গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ৩১ বছর বয়সী অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ফেডারেল আদালতে হাজির করা হলে অ্যালেন কোনো দোষ স্বীকার করেনি।

তার আইনজীবীদের একজন তেজিরা আবে বলেন, অ্যালেনের কোনো অপরাধমূলক অতীত নেই এবং ‘এ মুহূর্তে তাকে নির্দোষ হিসেবে ধরা হচ্ছে।’ বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে আয়োজিত ডিনারে উপস্থিত ছিলেন শনিবার। সেখানেই গুলির ঘটনা ঘটে। অ্যালেন নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে গুলি ছুড়তে শুরু করে এবং ভেন্যুর দিকে এগিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাকে গ্রেপ্তার করে। এ সময় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পড়াশোনা করা অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, স্বাধীন গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক। সে লস অ্যানজেলেস এলাকায় বসবাস করে। ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জনের পর সে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করে।

গুলিবর্ষণের প্রায় ১০ মিনিট আগে অ্যালেন তার পরিবারের সদস্যদের কাছে একটি ট্রাম্পবিরোধী ম্যানিফেস্টো পাঠায়। “কোল ‘কোল্ডফোর্স’ ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ অ্যালেন” নামে স্বাক্ষর করা ওই নথিতে সে নিজের উদ্দেশ্য, টার্গেট এবং ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থার বিশ্লেষণ তুলে ধরে। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী সেখানে সে লিখেছে- আমি সেই ব্যক্তি নই যাকে আটক শিবিরে ধর্ষণ করা হয়েছে। আমি সেই জেলে নই যাকে বিচার ছাড়াই হত্যা করা হয়েছে। আমি কোনো স্কুলশিক্ষার্থী নই যে বিস্ফোরণে মারা গেছে, বা কোনো শিশু নই যে অনাহারে ভুগছে, কিংবা কোনো কিশোরী নই যে এই প্রশাসনের বহু অপরাধীর দ্বারা নির্যাতিত হয়েছে। অন্য কেউ নিপীড়িত হলে চুপ থাকা খ্রিস্টান আচরণ নয়; এটি নিপীড়কের অপরাধে সহযোগিতা। সে আরও লিখেছেন- আমি আর একজন পেডোফাইল, ধর্ষক এবং বিশ্বাসঘাতকের অপরাধে নিজের হাত রাঙাতে দিতে রাজি নই। ম্যানিফেস্টোতে অ্যালেন নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ হিসেবে উল্লেখ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন