বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি শেষ হলো কোনো রোমাঞ্চ না ছড়িয়ে। পাকিস্তানের বিপক্ষে একতরফা নৈপুণ্যে আরও একটি একপেশে জয় তুলে নিলো ভারত। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারায় সূর্যকুমার যাদবের দল। এতে টানা তিন জয়ে গ্রুপ সেরার মর্যাদা নিয়ে সুপার এইটে উঠলো আসরের অন্যতম আয়োজকরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ পৌঁছে ১৭৫/৭-এ। জবাবে ১২ বল বাকি রেখে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রান তাড়ায় পাকিস্তানের শুরুর চার ব্যাটার সাজঘরে ফেরেন এক অঙ্কের ঘরে। খেলা আদতে শেষ হয়ে যায় সেখানেই। ওপেনার শাহিবজাদা ফারহান ০, সাইম আইয়ুব ৬, অধিনায়ক সালমান আলী আগা ৪ ও বাবর আজম করেন ৫ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নেন দুটি করে উইকেট। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য ধরে রাখলো ভারত। দুই দলের ৯ বারের দেখায় ভারত জিতলো আটটিতে। পাকিস্তান জিততে পারে শুধু ২০২১ আসরের ম্যাচে। এদিন নড়বড়ে শুরুতে ৪.৫তম ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৪/৪-এ। একপ্রান্তে যা একটু লড়াই করেন উসমান খান। ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। আর শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ২৩ রানের সুবাদে হারজিতের ব্যবধানটা কমে মাত্র।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার আগে অন্য আলোচনায় ছিল ভারত-পাকিস্তানের ম্যাচটি। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আর বাংলাদেশকে বাদ দিয়ে আসরে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এ সময় বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করে পাকিস্তান। এতে ৬ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ে আইসিসি এবং শেষ পর্যন্ত পাকিস্তানকে খেলতে রাজি করায় তারা। তবে ৬ হাজার কোটি টাকার ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলো না পাকিস্তান। এই হারে পাকিস্তানের সুপার এইটের অপেক্ষা বাড়লো। শেষ ম্যাচে নামিবিয়ার কাছে না হারলেই শেষ আটে উঠবে পাকিস্তান। তবে হেরে গেলে গতবারের মতো এবারও প্রথম পর্ব খেলেই দেশে ফিরতে হবে পাকিস্তানকে। ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা যুক্তরাষ্ট্র নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।
কলম্বোয় টসে জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। এসময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগাকে করমর্দন করতে দেখা যায়নি। ভারতের বিপক্ষে এই ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি। ভারতের ৮.৪ ওভার পর্যন্ত স্কোর ছিল ২ উইকেটে ৮৮। এর মধ্যে ওপেনার ইশান কিষান একাই করেন ৪০ বলে ৭৭ রান। কিন্তু পাকিস্তান শেষ ১০ ওভারে বোলিংয়ে ভালো করায় দুই শ’র দেখা পায়নি ভারত। এদিন নিষ্প্রভ ছিলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তিনি। ২ ওভারের স্পেলে ৩১ রানে শাহিনের শিকার ওই ১ উইকেট। শেষ ৫ ওভারে ৪৮ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯২ রান এবং শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে সূর্যকুমারের দল। ভারতের ইনিংসে ছিল ৪৩টি ডট বল।
ম্যাচের শুরুতে ছিল চমক। পাকিস্তানের হয়ে বোলিংয়ে ওপেন করেন অধিনায়ক সালমান আগা। তার অকেশনাল অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার অভিষেক শর্মা (০)। এই ওভারে মাত্র ১ রান দেন সালমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৪ বার বোলিংয়ে দেখা গেল সালমানকে। তিনি বোলিংয়ে ওপেন করলেন দ্বিতীয়বার। অন্যদিকে নেতিবাচক রেকর্ডে নাম উঠলো ভারতের মারকুটে ওপেনার অভিষেকের। টি-টোয়েন্টি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দলগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার নজির ভারতের আশীষ নেহরা-অভিষেক শর্মা ও বাংলাদেশের ইমরুল কায়েসের। নবম ওভারে সাইমের বলে বোল্ড হন ইশান কিষান। ৩ ছক্কা ও ১০ চারে ইশান ৪০ বলে করেন ৭৭ রান। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৮৭ রানের জুটি গড়েন ইশান ও তিলক ভার্মা। এর মধ্যে ইশানের একার অবদান ৩৮ বলে ৭৬। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি ভারতের কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ স্কোর। ইশান পেছনে ফেলেছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর ও বর্তমান ওপেনিং সতীর্থ অভিষেক শর্মাকে।
এর পর টানা দুই বলে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে সাজঘরে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন সাইম আইয়ুব। ২৫ রান করেন তিলক আর পান্ডিয়া মারেন ‘গোল্ডেন ডাক’। ১৪.৩তম ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১২৬/৪-এ। তবে অধিনায়ক সূর্যকুমার ও অলরাউন্ডার শিবাম দুবের দৃঢ়তায় ভারতের স্কোর পৌঁছে ১৭৫/৭-এ। উসমান তারিককে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন সূর্যকুমার (২৯ বলে ৩২)। আর ১৭ বলে ২৭ রান করে উসমান খানের বলে আউট হন দুবে। পরে ৪ বলের ইনিংসে একটি করে চার-ছয় হাঁকিয়ে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন রিংকু সিং। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার ওঠে ইষান কিষানের হাতে।
পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত
পিন্টু আনোয়ার
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

BAD MOUTH
৩ মাস আগেএই পরাজয়ে আমি দুঃখিত। পাকিস্তান আমাদের ইসলাম ভিত্তিক ভাই।