গত মৌসুম শেষ করতে হয়েছে তিনে থেকে। এবার আর আক্ষেপ নয়, আনন্দের যাত্রাই করলো সিটি ক্লাব। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে রানার্সআপ হয়ে বাংলাদেশ ফুটবল লীগে নাম লিখিয়েছে তারা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এবারই প্রথম খেলতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে। ১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে বিসিএল’র দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিটি ক্লাব। যদিও গতকাল তারা গাজীপুরে বিআরটিসি’র কাছে হেরেছে ১-০ গোলে।
তবে তাদের টপকে ওপরে ওঠার সম্ভাবনা নেই আর কারও। ক্রিকেটে বেশ কয়েকবার শীর্ষ পর্যায়ে খেললেও পেশাদার ফুটবলে এবারই প্রথম সিটি ক্লাবের। ২০০০ সালে তৃতীয় বিভাগ লীগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। চ্যাম্পিয়নশিপ লীগ খেলছে গত মৌসুম থেকে।
এদিকে দুই ম্যাচ হাতে থাকতে চ্যাম্পিয়নশিপ লীগে এবার চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম এফসি। ফুটবল লীগের টিকিট অবশ্য আগেই নিশ্চিত করেছে তারা। তবে ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। গতকাল বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম ক্লাবটি।
