চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মুহাম্মদ শাহাদাত (৩০)। সে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে।
এর আগে রোববার রাত আনুমানিক ১১টার দিকে কেরানীহাট সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালীন কিছু মুখোশধারী সন্ত্রাসী নিহত শাহাদত’কে অতর্কিত মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন। একপর্যায়ে হামলা শেষে মুখোশদারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, শাহাদাতের হত্যাকাণ্ডের বিষয়ে ইতিমধ্যে আমাদের কাছে অনেক তথ্য এসেছে। আমরা তথ্যগুলো যাচাই-বাছাই করছি এবং অধিকতর তদন্ত করছি। পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
