সম্প্রতি মৌসুমী আক্তার সালমার সঙ্গে বেশ কিছু ছবিতে বড় মেয়ে স্নেহাকে দেখা গেছে। মা-মেয়ের আদুরে মুহূর্তের ছবিগুলো প্রশংসায় ভেসেছে। তবে এরমধ্যেই কেউ কেউ নেতিবাচক কথা বলেছেন। আবার দু’-একটি অনলাইনে ভুল খবর প্রকাশ হয়েছে। যা নিয়ে সালমা নিন্দা জানালেন।
সালমা বলেন, আমি খুব সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। আপনাদের সকলের দোয়ায় গানের জগতে আমি একটি ছোট্ট স্থান করে নিতে পেরেছি। এরপর জীবনের এক সময়ে বিয়ে, সংসার- সবকিছুর মধ্যেও একজন সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয়কেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। কারণ গানের মধ্যেই আমি খুঁজে পাই আমার ফেলে আসা দিনগুলো, আমার কষ্ট, আমার সংগ্রামের গল্প। তিনি বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। কিছু সম্পর্ক পরিবর্তিত হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সময় পেরিয়ে গেছে। আমরা যে যার জায়গায় থেকেও ভালো ছিলাম, ভালো আছি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নেহার বাবার অবস্থানের পরিবর্তনের পর ও বাস্তবে মা-বাবা বেঁচে থেকেও অনেকটা এতিমের মতো জীবনযাপন করছিল। একজন মা হিসেবে বিষয়টি আমি মেনে নিতে পারিনি। তাই স্নেহার বাবার সঙ্গে কথা বলে তাকে আমার কাছে নিয়ে আসি। শিবলী সাদিক বাংলাদেশের মানুষের কাছে পরিচিত একটি নাম। তার রাজনৈতিক জীবন এবং পারিবারিক অবস্থান- সব সময়ই দেশ ও অসহায় মানুষের পক্ষে ছিল। এই বিষয়গুলো আমাকে এখনো গভীরভাবে ভাবায়। সম্প্রতি একটি পত্রিকায় স্নেহা আমার কাছে আছে বলে ভুল ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে, কিছু বলার আগে একটু ভেবে দেখা উচিত। যে সম্পর্কগুলো একসময় মানুষের গর্বের পরিচয় ছিল, আজ সেই সম্পর্কগুলোকেই বিপদের সময় ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমি মানবিক দিক থেকে এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। আমি আশা করবো, অন্তত এই সময়ে পরিবার, সন্তান এবং সম্পর্ক নিয়ে কেউ যেন অযথা ও নেতিবাচক মন্তব্য না করেন। আমি স্নেহার মা, একজন সংগীতশিল্পী। আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি। আমার বাচ্চাদের বাবাকে নিয়ে উল্টোপাল্টা লেখা বন্ধ করুন। সন্তানদের মুখের দিকে চেয়ে তাদের বাবাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, উনারা ভালো থাকুক।

মিশকাত
১ মাস আগেমন্তব্যের ঘরে ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়।