আগামী ৮ই মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। সম্প্রতি অন্তর্জালে ট্রেইলার প্রকাশের মধ্যদিয়ে সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়। ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন- জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবন সংগ্রামের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ।
সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালরা। এ চরিত্রে আছেন শবনম বুবলী।
সিনেমাটি নিয়ে রোশান বলেন, একটা ছেলের জীবনের গতি পরিবর্তনের কিছু ধাপ নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সেই ছেলের চরিত্রেই আমি অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে। রোশান-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেনÑ শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম প্রমুখ।
