জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ভালো নেই। বর্তমানে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এখন বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক একাধিক সমস্যা রয়েছে তার। তার অসুস্থতা সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান জানান, সম্প্রতি কল্পনা আপুর সঙ্গে ফোনে কথা হলে তিনি নিজের অসুস্থতার কথা জানান। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং বিশ্রামে রয়েছেন।
সনি রহমান আরও বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশে আছে এবং কল্পনা আপুর প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)’র ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কল্পনা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। মিজানুর রহমান পরিচালিত ‘হনুমানের পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এরপর একে একে ফুলশয্যা, শেষ আঘাত, মায়ের কান্না, তিন কন্যা, রকি, ঢাকা-৮৬, জিনের বাদশা, অচেনা, স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু ও কেয়ামত থেকে কেয়ামত’সহ জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।
