ফের বাড়ছে জলদস্যুর উৎপাত, আরও একটি জাহাজ ছিনতাই

ফের বাড়ছে জলদস্যুর উৎপাত, আরও একটি জাহাজ ছিনতাই

ফন্ট সাইজ:

সোমালিয়ার উপকূলের ফের বাড়ছে জলদস্যুর উৎপাত। উপকূলের কাছে জাহাজগুলোকে সতর্ক করেছে সমুদ্রচলাচল বিষয়ক সংস্থাগুলো। জলদস্যুরা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ওই এলাকার ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্য পর্যায়ে বলে জানিয়েছে। সংস্থাটি জানায়, রবিবার দস্যুরা একটি জাহাজ জব্দ করে সোমালিয়ার আঞ্চলিক জলসীমায় নিয়ে গেছে। জাহাজটি কোন দেশের তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। গত সপ্তাহে জলদস্যুরা অন্তত চারটি জাহাজকে আক্রমণ করে। যার মধ্যে একটি মাছ ধরার জাহাজ এবং একটি তেলবাহী ট্যাঙ্কারও রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। তিন বছর আগেও ভারত মহাসাগরের এই অংশে জলদস্যুতা অনেকাংশে কমে গিয়েছিল।

সোমালিয়ার এই অঞ্চল একসময় জাহাজ ছিনতাইয়ের জন্য কুখ্যাত ছিল। মাঝে কমলেও বর্তমানে তা আবার প্রকটাকার ধারণ করছে। ইউকেএমটিও একটি বিবৃতিতে বলেছে, জলদস্যু গোষ্ঠীর সম্ভাব্য ঝুঁকির কারণে, জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। রবিবার সোমালিয়ার গারাকাদ থেকে ছয় নটিক্যাল মাইল দূরে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইউকেএমটিও ২১ এপ্রিল উত্তর সোমালিয়ার মারিয়ো উপকূলে ঘটা একটি অন্য একটি ছিনতাইয়ের ঘটনা নিয়েও সতর্কবার্তা জারি করেছে। বিবিসিকে দেওয়া একাধিক নিরাপত্তা কর্মকর্তার তথ্যমতে, জলদস্যুরা ২২ এপ্রিল সোমালীয় উপকূলের কাছে চলাচলরত অনার ২৫ নামের একটি তেলবাহী ট্যাংকারও ছিনতাই করে যেটিতে ১৭ জন নাবিক ছিলেন।

ইউকেএমটিও আরও জানিয়েছে যে, বৃহস্পতিবার সোমালিয়ার পতাকাবাহী একটি মাছ ধরার জাহাজ জব্দ করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে হর্ন অফ আফ্রিকার জলদস্যুরা নাবিকদের জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে ৩৩ কোটি ৯০ লাখ ডলার থেকে ৪১ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত আয় করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন