অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: সংসদে নৌ প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামায়াত ও এনসিপি সমর্থিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিরোধী দলের কঠোর সমালোচনা করে রাজীব আহসান বলেন, গত ১৮ মাসের যে সরকারটি ছিল, তা মূলত আজকের বিরোধীদলীয় নেতৃবৃন্দ তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে কাজ করেছে। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন। এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন।

জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেয়া তথ্যের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন। এটাকে ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন করে কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। অবিলম্বে সকল শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান রাজিব আহসান।

বাক-স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা বা কার্টুন করায় বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে অশালীন বক্তব্য ও ব্যক্তিগত কুৎসা রটনা দুঃখজনক। যারা সরকারের শীর্ষ নেতাদের নিয়ে নোংরা অপপ্রচার চালিয়েছে, বিরোধী দল তাদেরই পুরস্কৃত করে সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছে।

তিনি বলেন, বাক-স্বাধীনতা মানে কারোর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়। বিরোধী দলকে অতীতের আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে সরকারি দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগসমূহ:

BAD MOUTH

১ মাস আগে

এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন অন্তর্বতীর কাল, কর্ম ও মানুষদের ইনডেমনিটি।

মন্তব্য করুন