সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার

ফন্ট সাইজ:

সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের (সবার) কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।

রোববার জাতীয় সংসদের নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসানের বক্তব্যের পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্য আমাকে কোট করে একটি কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি ১ হাজার ২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে? উনাকে এখানে আমি এখন দেখছি না। তিনি থাকলে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেয়ার জন্য।

তিনি বলেন, সালাহউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসংগঠনের লোকেরাই শহীদ হয়েছে ১ হাজারের ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।

শফিকুর রহমান বলেন, আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল। চেক, ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরেই তালিকাগুলো করেছি। এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়; জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে, এই সংখ্যাটা ১ হাজার ৪৫১।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন; তারা মুখের দিকে তাকিয়ে থাকেন। এরপর বলেন, আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কি না? ওই যে দুই দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরও বেশি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন