গতকাল ২৬শে এপ্রিল মানবজমিন-এ ‘বন্ড সুবিধার আড়ালে এ কেমন কারবার’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়েছে স্পাইডার গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়, স্পাইডার গ্রুপ বিগত ১৮ বছর ধরে দেশের আইন, বন্ড নীতিমালা ও বিজিএমইএর সকল নিয়ম মেনে শতভাগ রপ্তানিমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিএমইএর সামপ্রতিক চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সকল প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা দাখিল করেছি এবং বিজিএমইএ কর্তৃপক্ষ তাতে সন্তুষ্টি প্রকাশ করে বিষয়টি নিষ্পত্তি করেছেন।
বিষয়টি প্রতিবেদনেই তাদের বিজিএমইএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। আমরা সবিনয়ে জানাতে চাই বন্ড সুবিধার আওতায় আমদানি-রপ্তানির প্রতিটি ধাপ কাস্টমস বন্ড কমিশনারেট, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড সিস্টেমে রিয়েল টাইম মনিটরিং হয়। এই স্বচ্ছ প্রক্রিয়ায় কোনো অনিয়মের সুযোগ নেই। দুই দশকের ব্যবসায়িক যাত্রায় শুল্ক গোয়েন্দা বা কাস্টমস কর্তৃপক্ষ কখনোই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি।
তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, একটি মহল অসম্পূর্ণ ও যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে এমন একপেশে সংবাদ পরিবেশন করেছে। যা আমাদের প্রতিষ্ঠানের সুনাম, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা এবং সর্বোপরি হাজার হাজার শ্রমিকের জীবিকায় বিরূপ প্রভাব পড়েছে। আমরা বিশ্বাস করতে চাই এটি অনিচ্ছাকৃত ভুল।
