আমিরুল মোমেনীন মানিকের ৫টি ছড়া-কবিতা

ফন্ট সাইজ:

সূর্যবার
সূর্য উঠেনি আজ
নাই আলোর কারুকাজ
আসবে হয়ত কাল
ভাঙবে বেড়াজাল
কালকেও যদি না কাটে আঁধার
পরশু হবে সূর্যবার।।

সবুজ পাতার রঙের মতো
জেগে থাক শত আশা
হাজার ঋণের বোঝা নিয়েও
বেঁচে থাক ভালোবাসা ।।
সুড়ঙ্গ বুক জুড়ে কেবলই আঁধার
তবুও তোমাকে আলো চাই বারবার ।।

কত আর আঁধারের ক্ষমতা
শেষ হবে হবেই একদিন
ঝরে যাওয়া ফুল থেকে আসবে
ঝকমকে সূর্যনবীন ।।
ভেঙে পুরাতন জরা হবে খান
এভাবে তোমাকে আলো চাই বারবার ।।

স্বর্ণ জাহাজ ডাকে
আকাশের খিল খুলে
নীলের নিখিল দেখি
হৃদয়ের বারান্দায়
শুভ্র আঁকিবুকি ।।

স্বর্ণ জাহাজ ডাকে
নতুন সফরে চোখ
সবুজের দ্বীপ পানে
আমার কেবলই ঝোঁক ।।
আমি জাহাজ হবো
আমি নাবিক হবো
শেষমেশ দেখে নিও ঠিকই ।।

বর্ণ ভাষার গতি
কেবলই বদল চায়
পাটাতনে সৈনিক
মুখোশে চেনা দায় ।।
আমি জাহাজ হবো
আমি নাবিক হবো
শেষমেশ দেখে নিও ঠিকই ।।

তিরন্দাজ
ওরে মন গৃহকোণ
ভেঙে আয় সমীরণ
দে দেদোল দেদোল দোল
হাঁক বিপ্লবী হিল্লোল
মরিচ বাটা মাখিয়ে দে তুই রিপুর বিরুদ্ধে
নূহের নায়ে চড়ে যাবো চূড়ান্ত যুদ্ধে
ওরে মন...

আমি মগ্ন তিরন্দাজ
করি ধনুক কারুকাজ
শত্রুর সিনা লক্ষ্য শুধু
তীরের হানা জাগিয়ে রাখি হৃদয় বিশুদ্ধে।।

জানি পোড়া দিন হবে শেষ
আর দেওয়ালে দেবনা ঠেস
বুক জুড়ে থাকে তিতুর সেনা
হঠাৎ বদলে নামবে আলো বিমূর্ত স্কন্ধে।।

মুরগীর গল্প
একটা মুরগীর গল্প শোনো
মুরগীর গল্প শোনো ভাই
অহংকারী সে
পা পড়েনা মাটিতে
নিজেকে ময়ূর ভাবে তাই।।

মুরগীটা হাঁটে যেন ময়ূরের মতো
কোকিলের মতো সে হবে বিখ্যাত
শিখে নেয় টেকটিস
খুব করে প্র্যাকটিস
সারাদিন মুখে তার বড়াই বড়াই।।

মুরগীটা কেবলই কুৎসা রটায়
অন্য মুরগীদের বারোটা বাজায়
সেলিব্রেটি ভাব নেয়
অন্যকে খোঁচা দেয়
সারাদিন মুখে তার বড়াই বড়াই।।

হঠাৎ খেয়াল করে মুরগী মালিক
মুরগীর আচরণ অস্বাভাবিক
জবাই করে খায়
এ কী হলো হায় হায়
ভণ্ডের মৃত্যুতে কারো দুখ নাই।।

সেলফি
অটোগ্রাফ ফটোগ্রাফ
অংকের খাতা রাফ
এইসব পুরনো হিস্ট্রি
ছাদে উঠে কিংবা
ধরে খুঁটি খাম্বা
সেলফি উঠানো যেন মিষ্টি।
আহারে আহারে আহা সেলফি
গোঁফহীন দাড়িহীন জুলফি।।

এত মাতামাতি
স্টার রাতারাতি
হিট যদি হয় কোন সেলফি
সেলেব বলবে সবে
স্বপ্নে না বাস্তবে
প্রশংসা হিট হিম কুলফি।
আহারে আহারে আহা সেলফি
গোঁফহীন দাড়িহীন জুলফি।।

সতর্ক করছি শোনো
কথাগুলো যদি মানো
সেলফি তুলতে গিয়ে মরোনা
চব্বিশ ঘণ্টা
দিনরাত মনটা
সেলফি’র ফ্রেমে বেঁধে রেখোনা।
আহারে আহারে আহা সেলফি
গোঁফহীন দাড়িহীন জুলফি।।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন