সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। রোববার জাতীয় সংসদ বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এসময় আইনমন্ত্রী বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সঙ্গে দৃশ্যমান বৈষম্য তৈরি করে।
এই প্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠাকল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দ্য মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনেরেশন অ্যান্ড অ্যালান্স) অর্ডার, ১৯৭৩ ( পিও নম্বর. ২৮ অব ১৯৭৩) আর্টিকেল ৩সি বিলুপ্তির উদ্দেশ্যে এই বিলটি আনা হলো।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাসের জন্য ভোটে দেন। উপস্থিত সংসদ সদস্যরা কন্ঠভোটে পাস করেন। এর ফলে সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।
এর আগে গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়।

Nam Nai
১ মাস আগেWhat about the residential plots?