যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় শনিবার রাতে নৈশভোজের অনুষ্ঠানে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৈশভোজের ওই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি ছিলেন।
ইতিমধ্যে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
হামলার পর সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে একজন ‘লোন উলফ বা একক হামলাকারী’ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, আমি মনে করি তদন্তকারীরা তাকে একজন একক হামলাকারী হিসেবেই দেখছেন এবং আমারও তাই মনে হয়।
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা এবং এই ঘটনার সঙ্গে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা- তা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন। এর জবাবে ট্রাম্প বলেন, আমি তেমনটা মনে করি না, তবে নিশ্চিত করে বলা যায় না। খুব শিগগিরই আমরা আরো তথ্য জানতে পারব। বিশ্বের সেরা কর্মী রয়েছে আমাদের এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন।
এ ছাড়া ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, নাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে।
আপনি যখন এই ধরনের পদক্ষেপ নেবেন, তখন আপনি নিজেও লক্ষ্যবস্তু হয়ে উঠবেন। আমি যদি এসব না করতাম, তবে হয়তো আমি লক্ষ্যবস্তু কম হতাম। কিন্তু আমি যা করছি তার জন্য আমি গর্বিত, বলেন তিনি।
এদিকে মার্কিন পুলিশ জানিয়েছে, ট্রাম্পের অনুষ্ঠানে হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে। তবে এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।
