নতুন ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ জয়ের জাদুমন্ত্র হারিয়ে ফেলেছে ইন্টার মায়ামি। অস্টিন এফসি এবং রেড বুলসের সঙ্গে ড্রয়ের পর নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের সঙ্গেও জয়ের মুখ দেখেনি ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিওনেল মেসিদের।
ম্যাচের ৫৬তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে মায়ামির জালে বল জড়ান সাবেক এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) কার্লেস জিল। তখন নু স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে পিনপতন নিরবতা। তবে ৭৬তম মিনিটে ত্রাতা হয়ে আসেন মেক্সিকান ফরোয়ার্ড হের্মান বের্তেরামে। লুইস সুয়ারেজের জোরালো শট গোলকিপার ম্যাট টার্নার ফিরিয়ে দিলে ফিরতি বলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি। ১৫ মিলিয়ন ডলারের এই স্ট্রাইকার শেষ চার ম্যাচে তিনবার জালের দেখা পেলেন। তবে ড্রয়ের পরও মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োস তার শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘সাত দিনে তিনটি ম্যাচ খেলা সহজ নয়, তাও আবার উচ্চতার প্রতিকূলতা জয় করে। আমি আমার ছেলেদের প্রচেষ্টাকে স্যালুট জানাই।’
মায়ামি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ৩৮ বছর বয়সী মেসিকে নিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে গোল বা এসিস্ট কোনোটিই পাননি তিনি। প্রথমার্ধে ম্যাট টার্নারের দেয়াল ভাঙতে ব্যর্থ হন মেসি। ৩৮তম মিনিটে একটি সুবর্ণ সুযোগ অবিশ্বাস্যভাবে মাঠের বাইরে মারেন এ আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন মায়ামি সমর্থকরা। তাদের অভিযোগ, দলের বাকিদের বাজে পারফরম্যান্সের কারণে মেসির মতো মহাতারকাকেও ম্লান দেখাচ্ছে। এক্সে মায়ামির এক ক্ষুব্ধ ভক্ত লেখেন, ‘তোমরা এতটাই বাজে খেলছো যে তোমাদের জন্য মেসিকেও খারাপ দেখাচ্ছে।’
১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে মায়ামি। এক ম্যাচ কম খেলা ন্যাশভিল ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে। বিশ্বকাপ বিরতির আগে আরও পাঁচটি ম্যাচ খেলবে মেসিরা।
নতুন মাঠে এখনও জয়হীন মায়ামি
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
২৬ এপ্রিল (রবিবার), ২০২৬, ৪ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
