টানা তিন ম্যাচের জয়ে সবার আগে সুপার এইটের টিকিট পেলো ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ইংলিশদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া নেপাল টানা তিন ম্যাচ হেরে ছিটকে গেল বিশ্বকাপ থেকে। গতকাল দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ক্যারিবিয়ানদের জয় ৯ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল। রান তাড়ায় ১৫.২ ওভারেই জয়ের দুয়ারে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর নেপালের বিপক্ষে জয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ৩ ম্যাচে ৬। সমানসংখ্যক ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪। তিন ম্যাচ খেলা স্কটল্যান্ড এবং দুই ম্যাচ খেলা ইতালির পয়েন্ট সমান ২। অন্যদিকে, তিন ম্যাচের সবগুলোতেই হেরে আনুষ্ঠানিকভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেয়া জেসন হোল্ডার ম্যাচসেরা। অবদান স্বীকার করতে হবে আরেকজনেরও। একটি মেডেন দিয়ে এক উইকেট নেয়া ম্যাথু ফোর্ড ৪ ওভারে সাকুল্যে রান খরচ করেন স্রেফ ১০!
রান তাড়ায় একদমই বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ব্র্যান্ডন কিং ও শাই হোপের উদ্বোধনী জুটি থেকে স্কোরকার্ডে যোগ হয় ৪৩ রান। ষষ্ঠ ওভারে ১৭ বলে ২২ রান করে আউট হন কিং। বাকি কাজটা শিমরন হেটমায়ারকে নিয়ে সম্পন্ন করেন অধিনায়ক শেই হোপ। দু’জনের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৫৯ বলে ৯১ রান। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন হোপ। ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান আসে হেটমায়ারের ব্যাট থেকে।
এর আগে প্রথম ইনিংসে নেপালকে থিতুই হতে দেননি ক্যারিবিয়ান বোলাররা। প্রথম ওভারেই তারকা ব্যাটার কুশল ভুর্তেলকে (১) ফেরান আকিল হোসেন। তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত পৌঢেলকে (৫) এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান ফোর্ড। পরের ওভারে আক্রমণে এসেই ওপেনার আসিফ শেখকে (১১) আউট করেন হোল্ডার। পাওয়ার প্লেতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দল মিলিয়ে সর্বনিম্ন ২২ রান তোলে নেপাল। পাওয়ার প্লে’র পরের ওভারে সেই হোল্ডারের বলেই ছোট ভাই আসিফ শেখের মতো আউট হন পাঁচে নামা আরিফ শেখ (২)। ৪৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৮ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিদায় নেন দীপেন্দ্র। শেষ পর্যন্ত ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন সমপাল। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল এই ওয়াংখেড়েতেই স্কটল্যান্ডের বিপক্ষে নামবে নেপাল। তার দু’দিন পর ইডেন গার্ডেনসে ইতালির সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
