অন্ধকারে ‘মিশন অস্ট্রেলিয়া’ প্রস্তুতিতেও হ-য-ব-র-ল

অন্ধকারে ‘মিশন অস্ট্রেলিয়া’ প্রস্তুতিতেও হ-য-ব-র-ল

ফন্ট সাইজ:

এএফসি নারী এশিয়ান কাপ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। তবে এখনো অন্ধকারে বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’। সিডনি ও পার্থে ১লা মার্চ শুরু হবে নারী ফুটবলের বড় এ আসর। হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে অনুশীলনে কারা আছেন, তা এখনো পরিষ্কার করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে’র মিডিয়া বিভাগ এ নিয়ে কোনো বার্তা দেয়নি।
এশিয়ান কাপের মতো আসরে দল খেলতে যাচ্ছে, অথচ মিডিয়া বিভাগ এ নিয়ে পুরোপুরি নিশ্চুপ। কোনো খেলোয়াড় তালিকা দূরের কথা, অনুশীলন শুরুর আনুষ্ঠানিক তথ্যও জানানো হয়নি। এ নিয়ে বাফুফের নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘হ্যাঁ, অনুশীলন তো শুরু হয়েছে। তবে কাদের নিয়ে অনুশীলন চলছে তা তো সবাইকে জানানো উচিত। দলটি এশিয়ান কাপে খেলতে যাবে, সবার তো জানতে হবে বিষয়টি। দেখি নওমিকে (ডেপুটি মিডিয়া ম্যানেজার) বলছি আমি।’
সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের মতো পরীক্ষিতরা দলে জায়গা না পাওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি ফুটসালে চ্যাম্পিয়ন হওয়া এই দুই তারকাকে ছাড়াই দল সাজান বৃটিশ কোচ পিটার বাটলার। তার এমন একগুঁয়েমি নতুন কিছু নয়, তবে অভিজ্ঞদের বাদ দিয়ে কেন তিনি অনভিজ্ঞদের ওপর ভরসা করছেন- সেই প্রশ্ন এখন উচ্চকিত। এমনকি ফেডারেশনও এ বিষয়ে কোচের কাছে কোনো জবাবদিহি চাইতে পারছে না।
গত বছর জুলাইয়ে মিয়ানমারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ নিশ্চিত করার পর একে ‘মিশন অস্ট্রেলিয়া’ নাম দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু বাস্তবতা হলো, এক বছরেও কোনো রোডম্যাপ দিতে পারেনি বাফুফে। জাপান বা নিউজিল্যান্ডে দীর্ঘ ক্যাম্পের কথা থাকলেও তা বাতিল হয়েছে। এ নিয়ে কিরণের দাবি, ‘যারা নিয়মিত এশিয়ান কাপ খেলে তাদের দেশে প্রস্তুতির পরিকল্পনা ছিল। তারা অন্য পরিকল্পনা নেয়ায় যাওয়া সম্ভব হয়নি। আমরা তাই মালয়েশিয়া, আজারবাইজানকে খেলিয়েছি ও থাইল্যান্ডে দুই ম্যাচ খেলেছি।’
তাবিথ আউয়ালের কমিটি এক বছর পার করলেও এখনো পূর্ণাঙ্গ হয়নি নারী ফুটবল উইং। কিরণ একাই সব সামলাচ্ছেন, আবার সহ-সভাপতি ফাহাদ করিম উইংয়ের সঙ্গে জড়িত না থেকেও নিয়মিত মিডিয়ায় বড় বড় কথা বলছেন। কর্মকর্তাদের এই দলাদলি ও সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছেন কোচ বাটলার। তিনি সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে নিজে অনুশীলন না করিয়েই দলে রাখছেন, অথচ দেশি অভিজ্ঞদের উপেক্ষা করছেন। দলের হারের পর গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া বাটলারের রীতি হয়ে দাঁড়িয়েছে।
এবারের এএফসি নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩রা মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজদের মিশন। ৬ই মার্চ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। ৯ই মার্চ উজবেকিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ হবে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। তিন গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গী হয়ে পরবর্তী পর্বে যাবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্য থেকে সেরা দুটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন