চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আব্দুল জব্বারের বলী খেলার ১১৭তম আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মুকুট পরেছেন কুমিল্লার মো. শরীফ, যিনি বাঘা শরীফ নামে পরিচিত। শনিবার বিকালে নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি একই জেলার মো. রাশেদকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই বলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। প্রায় ২৪ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে রাশেদকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট পরেন বাঘা শরীফ।
এর আগে, ২০২৪ ও ২০২৫ সালেও এই দুই প্রতিযোগী ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সে দুইবারও বিজয়ী হয়েছিলেন শরীফ, আর রানারআপ ছিলেন রাশেদ। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেন তিনি। এবারের বলী খেলায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১১৭ জন বলী অংশ নেন। গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানারআপ রাশেদসহ প্রথম চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন। তাদের সঙ্গে প্রথম রাউন্ডের বাছাই পেরিয়ে কোয়ার্টারে ওঠেন বাগেরহাটের মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম ও সাভারের মিঠু। কোয়ার্টার ফাইনালে বাঘা শরীফ দিপুকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। পরে সেমিফাইনালে শাহজালালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে রাশেদ সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সাভারের মিঠু ও শাহজালালের মধ্যে জমে ওঠে লড়াই। ১৭ মিনিটের বেশি সময় ধরে চলা এই ম্যাচে মিঠু জয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
বিকাল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। পরে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এদিকে বলী খেলাকে ঘিরে চলছে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। নগরীর সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় হয়ে শাহ আমানত মাজার গেট। অন্যদিকে টেরি বাজার এলাকা থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত বসেছে এ শত বছরের পুরনো মেলার দোকানপাট। নারী-পুরুষ, শিশু সবাই ঘুরে ঘুরে পছন্দমতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন মেলা থেকে। তবে এবার এসএসসি পরীক্ষার কারণে মেলার সময়সীমা একদিন কমানো হয়েছে।
উল্লেখ্য, বৃটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ই বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত। বাংলা পঞ্জিকা অনুসারে ১২ই বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর। এবার বলী খেলার ১১৭তম আসর।
