প্রেমের টানে

প্রেমের টানে

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন প্রেমের সম্পর্কের পর বাংলাদেশি তরুণী তাসলিমা খাতুন (১৯) কে বিয়ে করেছেন ২৪ বছর বয়সী চেন বাও মিং। ভেড়ামারা উপজেলার পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চেন বাও মিংয়ের। পরবর্তীতে দু’জনই পরিবারকে বিষয়টি জানান এবং উভয় পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়।

চেন বাও মিং চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে। তিনি পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। গত সোমবার বাংলাদেশে আসেন তিনি। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। বিয়ে প্রসঙ্গে তাসলিমা খাতুন বলেন- উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এই বিয়েতে খুবই খুশি। চেন বাও মিং

বলেন-আমি তাসলিমাকে ভালোবাসি। তার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ। আমি তাদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

স্থানীয়রা জানান, এমন ভিন্নধর্মী বিয়ের ঘটনা ভেড়ামারা এলাকায় খুবই বিরল। তাই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও কৌতূহল বিরাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন