ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে ঘটনাস্থলে গিয়ে জ্ঞান হারিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারধরের শিকার হয় এক যুবক। শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জানা গেছে, মৃত আফিয়া বেগম (৬৫) ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। আহত রিফাত হোসেন সিয়াম (১৯) একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে সিগারেট কিনে নির্জন স্থানে ধূমপান করছিল রিফাত। এ সময় সমবয়সী কিশোর মোহাম্মদ নাঈম (১৭) তার ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতেই নাঈমের পক্ষের লোকজনের বেধড়ক মারধরে কিশোর রিফাত আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে রিফাতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে যান নানি আফিয়া বেগম। সেখানে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা নানি ও নাতি দু’জনকেই উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রিফাত চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কিশোর নাঈমের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ‘নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে আফিয়া বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিফাত হোসেন সিয়াম জীবিত রয়েছেন এবং চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
