পশ্চিম আফ্রিকার জান্তা-শাসিত দেশ মালি জুড়ে ব্যাপক হামলা শুরু করেছে বন্দুকধারীরা। রাজধানী বামাকোসহ বিভিন্ন স্থানে হামলা চলছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে। খবর আল জাজিরা ও বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী জড়িত রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে দেশটির সেনাবাহিনী জানায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো বামাকোতে সেনা ব্যারাকে এবং অন্যান্য সেনাশাসিত অঞ্চলে হামলা চালিয়েছে।
বামাকোর বাইরে মালির প্রধান সামরিক ঘাঁটি কাটির কাছে ভোর ৬টার কিছুক্ষণ আগে দুইটি বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা গেছে। একই সময়ে কেন্দ্রীয় শহর সেভারে এবং উত্তর মালির কিদাল শহর ও গাও নগরেও হামলার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মালির সবখানে গোলাগুলি চলছে।
বামাকোতে থাকা এপি’র একজন সাংবাদিক মোদিবো কেইতা দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারী অস্ত্রশস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গোলাগুলির খবর জানিয়েছেন।
তিনি জানান, একটি হেলিকপ্টার নিকটবর্তী এলাকাগুলোতে টহল দিচ্ছিল।
মালি বর্তমানে জেনারেল আসসিমি গোইতার নেতৃত্বাধীন একটি সামরিক জান্তা দ্বারা শাসিত হচ্ছে। ২০২০ সালে তিনি একটি অভ্যুত্থানের মাধ্যমে প্রথম মালির ক্ষমতা দখল করেন।
