প্রোস্টেট ক্যান্সারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু

প্রোস্টেট ক্যান্সারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

নিজের প্রোস্টেট ক্যান্সারের কথা স্বীকার করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে একটি ছোট টিউমার ধরা পড়ে। শুক্রবার নেতানিয়াহুর বার্ষিক মেডিকেল রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানান, চিকিৎসকরা নিয়মিত চেকআপের সময় টিউমারটি শনাক্ত করেন এবং চিকিৎসা দেন। তবে তখন বিষয়টি প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এপি।

৭৬ বছর বয়সী এই ইসরাইলি নেতা বলেন, বিষয়টি আমি প্রকাশ দুই মাস বিলম্বিত করতে বলেছিলাম, যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত সময় এটি প্রকাশ না পায়। এর মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে আরও ভুয়া প্রচারণা ঠেকানো হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালে তিনি একটি বেনাইন (ক্ষতিকর নয়) প্রোস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যার জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ চেকআপেই টিউমারটি ধরা পড়ে।

মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে সুস্থ আছেন। তবে প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের জন্য তাকে রেডিয়েশন থেরাপি দেয়া হয়েছে। কখন এই চিকিৎসা হয়েছে, তা রিপোর্ট বা নেতানিয়াহু কেউই নির্দিষ্ট করে জানাননি। হাদাসা হাসপাতালের অনকোলজি ইউনিটের পরিচালক আহারন পোপোভৎসার জানান, নেতানিয়াহুর ক্যানসার খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং তার বয়সী পুরুষদের মধ্যে এই রোগটি সাধারণ। তিনি বলেন, এই পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে আমরা বলতে পারি, রোগটি এখন আর নেই।

ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী হামলার শুরুর দিকে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন স্থানে এআই-নির্মিত ভুয়া ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি মারা গেছেন। এসব গুজব খণ্ডন করতে মার্চ মাসে নেতানিয়াহু জেরুজালেমের একটি ক্যাফেতে নিজের উপস্থিতির একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন