সার্ক পুনরুজ্জীবনে তৎপর বাংলাদেশ

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং দারিদ্র্য মোকাবিলায় সার্ককে পুনরায় সক্রিয় ও কার্যকর করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। মালদ্বীপের রাজধানী মালেতে ২২ ও ২৩শে এপ্রিল অনুষ্ঠিত সার্কের দারিদ্র্যবিমোচন বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতকে সম্মিলিতভাবে গড়ে তোলা এবং একটি সহনশীল আঞ্চলিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত সার্ক উন্নয়ন প্রতিবেদন চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
মালদ্বীপ সরকারের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনিক সহায়তা দেয় সার্ক সচিবালয় এবং আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে এশীয় উন্নয়ন ব্যাংক। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির অর্থ ও রাষ্ট্রীয় উদ্যোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী রশীদ। সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দেশের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, অভিন্ন ঝুঁকি মোকাবিলা, সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সার্ককে সক্রিয় ও কার্যকর করা জরুরি। পাশাপাশি এ অঞ্চলের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সার্ক প্রক্রিয়ার পুনরুজ্জীবন অপরিহার্য বলে মত দেন তারা।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক শাখার মহাপরিচালক এস এম মাহবুবুল আলম। বৈঠকে তারা সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অংশ নেয়া দেশগুলো মনে করে, দক্ষিণ এশিয়ার বিপুল জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণে একটি শক্তিশালী, কার্যকর ও সহনশীল সার্ক গড়ে তোলা এখন সময়ের দাবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন