বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক স্বর্ণকারকে স্বর্ণালঙ্কারসহ অপহরণের চেষ্টা চালায় একদল ডাকাত। তবে স্থানীয় জনতার তৎপরতা ও সাহসিকতায় অপহরণচেষ্টা ব্যর্থ হয় এবং ডাকাত দলের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা স্বর্ণকারকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরের বাড়ি এলাকায় হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে এক ডাকাতকে আটক করে। পরে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের ধাওয়া করলে পয়সারহাট এলাকায় তাদের আটকানোর চেষ্টা চালানো হয়। তবে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় বাইপাস মোড়ে একটি ‘গ্লোবাল’ পরিবহনের গাড়ির চালকের উপস্থিত বুদ্ধিতে ডাকাতদের ব্যবহৃত গাড়িসহ আরও এক সদস্যকে আটক করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়।
ওসি মো. মাসুদ খান বলেন, এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের কারণেই ডাকাতদের আটক করা সম্ভব হয়েছে। আটক দুই ডাকাতকে প্রথমে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত ডাকাত, ব্যবহৃত গাড়ি এবং অন্যান্য আলামত জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গোপালগঞ্জে স্বর্ণকার অপহরণচেষ্টা ব্যর্থ, দুই ডাকাত আটক
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
২৫ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
