সাধারণ মানুষ হোক কিংবা তারকা, সন্তান জন্মের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হয়। তেমনই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মনেও ছোট্ট মেয়ে রাহা কাপুরকে ঘিরে নানা স্বপ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তার জীবন পুরো বদলে গেছে রাহা আসার পর। তিনি চান মেয়ে বড় হয়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হোক। তার ভাষায়, আমি চাই ও একজন ক্রীড়াবিদ হোক। কারণ ও ভীষণ চঞ্চল।
এক সেকেন্ডও চুপ করে বসে না। এখনই যেভাবে লাফায়-ঝাঁপায়, তাতে মনে হয় খেলাধুলার জগতেই এগিয়ে যাক। ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন আলিয়া। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে মাতৃত্ব ও নিজের পেশার মধ্যে ভারসাম্য রাখা শিখেছেন বলে জানান তিনি।
মা হওয়ার পর কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে আলিয়ার। এখন তিনি অনেক বেশি সচেতনভাবে সিদ্ধান্ত নেন। রাহার সঙ্গে বেশি সময় কাটাতে চান বলেই কাজের ক্ষেত্রে ‘হ্যাঁ’ এর চেয়ে ‘না’ বলতে শিখেছেন এই অভিনেত্রী। মানসিকভাবে স্থির থাকা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। আলিয়া বলেন, আমি এমন মানুষদের পছন্দ করি না যারা সবকিছুতে শুধু ‘হ্যাঁ’ বলে। আমি বিতর্ক পছন্দ করি, ‘না’ শুনতে ভালোবাসি, আর কেউ যখন জিজ্ঞেস করে তুমি এমনটা কেন ভাবছো? সেটাও আমার ভালো লাগে।
