সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আলীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল ভোমরা বিওপি’র দায়িত্বাধীন আলীপুর (বাঁকাল চেকপোস্ট সংলগ্ন) এলাকায় অবস্থান নেয়। এ সময় খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে মোসা. শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্য দ্বারা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
বিজিবি জানায়, আটককৃত নারী শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে তা বহন করছিলেন। এ ঘটনায় তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
