বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চাই: আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান বলেছেন- বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চাই। আর তার জন্য বারের সহযোগিতা সবার আগে প্রয়োজন। কারণ বারের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের দুর্নীতি ও অনিয়ম দূর করা সম্ভব নয়। শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন-বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেয়াও হচ্ছে। মাজদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।

বিএনপি তার ধমনীতে জুলাই সদন ধারণ করে মন্তব্য করে মন্ত্রী বলেন- সংসদে বিরোধী দলের বন্ধুরা জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেক প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। অনেকেই বলছেন, বিএনপি’র জুলাই সনদ অস্বীকার করছে। আমরা বলতে চাই, বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদ আদেশের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেয়ার ক্ষমতা নেই।

আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার চেষ্টা করছি। জুলাই সনদের প্রতিটি লাইন, অক্ষর ও ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকার তা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। যারা জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গলা ফাটাচ্ছেন তারাই তো শুরুতে ভুল করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তৃতা করেন। এর আগে বিএনপি’র সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন