মধ্যাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারালো পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লীগ

মধ্যাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারালো পূর্বাঞ্চল

ফন্ট সাইজ:

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম রাউন্ডে দাপুটে জয় পেয়েছে পূর্বাঞ্চল। গতকাল ম্যাচের চতুর্থ দিনে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৫৩ রানে হারায় মুশফিকুর রহিম-অমিত হাসানদের দল। ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন অমিত হাসান। এর আগে গত বৃহস্পতিবার বিসিএলের অন্য ম্যাচে তিন দিনে জয় তুলে নেয় উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। ৬ উইকেট নিয়ে সেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উত্তরাঞ্চলের পেসার রবিউল হক। ইনিংস হার এড়াতে ম্যাচের শেষ দিনে মধ্যাঞ্চলের প্রয়োজন ছিল ৭৪ রান, হাতে ছিল ৩ উইকেট। তবে পূর্বাঞ্চলের পেসার ইবাদত হোসেন চৌধুরীর বোলিং তোপে টিকতে পারেনি তারা। দিনের শুরুতে মাত্র ২১ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস। পূর্বাঞ্চলের হয়ে পেসার ইবাদত একাই ৪ উইকেট নেন। মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৭ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। আশিকুর রহমান শিবলি ৮৬ ও আবু হায়দার রনি ৯০ রান করে আউট হন। জবাবে প্রথম ইনিংসে ৪৬৩ রানের পাহাড় গড়ে বড় লিড নেয় পূর্বাঞ্চল। অমিত হাসানের ১৬২ ও মুশফিকুর রহিমের ৮৩ রানে ভর করে ১৫৬ রানের লিড পায় তারা। মধ্যাঞ্চলের রাকিবুল হাসান ৫ উইকেট নেন। ম্যাচ শেষে পূবাঞ্চলের ব্যাটার অমিত বলেন, ‘আমরা ইনিংস ব্যবধানে জিতেছি এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি সেটাই আমার কাছে মূল বিষয়। অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল হান্ড্রেড করার। তো আমারও ঐরকম একটা ইচ্ছা ছিল।’ নিজের ইনিংস গড়ার পথে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে জুটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই ডানহাতি।

অমিত বলেন, ‘সত্যি কথা বলতে আমার তখন খেলাটা খুব সহজ মনে হয়েছে কারণ উনার (মুশফিক) মতো এত অভিজ্ঞ ব্যাটসম্যান। উনার সাথে উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করছি তো সেটা আমার কাছে অনেক কিছু শেখার ছিল সেখান থেকে। তখন (মুশফিক) ভাই বলছিল রিজিকের মালিক আল্লাহ, তো তুই তোর মতো খেলতে থাক আল্লাহ চাইলে অবশ্যই হবে।’ এই ম্যাচে কনকাশন বদলি হিসেবে সুযোগ পান অমিত। এ নিয়ে তিনি বলেন, ‘এটা লাকি না। জাকের আলী অনিক ভাই উনি হয়তোবা মাথায় ব্যথা পেয়েছে তো সেজন্য কনকাশনে আমাকে নামানো হয়েছে। আমি সবসময় নিজেকে প্রিপেয়ার্ড রাখি যদি সুযোগ আসে ভালো খেলার চেষ্টা করি।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন