ঘরোয়া ক্রিকেট নিয়ে যা বললেন মোসাদ্দেক

ঘরোয়া ক্রিকেট নিয়ে যা বললেন মোসাদ্দেক

ফন্ট সাইজ:

সিলেটে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম রাউন্ডে গতকাল পূর্বাঞ্চলের কাছে ইনিংস ব্যবধানে হারে মধ্যাঞ্চল। বড় ব্যবধানে হারের পর ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব নিয়ে কথা বলেন মধ্যাঞ্চলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। এখান থেকে যারা ন্যাশনাল টিমে খেলে না, তাদের জন্য পারিবারিক বা সাংসারিক জীবনযাপন করা আসলে খুবই কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে যদি এরকম উদ্যোগ সবসময় নেয়া হয় এবং সঠিক সময়ে খেলাগুলো হয়, তবে যেমন পারফর্মাররা উঠে আসবে, তেমনি প্লেয়াররাও সবসময় মাঠে থাকবে।

এতে তাদের জন্য জীবনটা অনেক সহজ হয়ে যাবে।’ প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ-সুবিধা ও বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, ‘যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করবেন, ওই সময় আপনি আরও অনেক ক্রিকেটারকে পাবেন যারা আরও উৎসাহ নিয়ে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চাইবে। তাই এটি খুব ভালো একটা উদ্যোগ বলে আমার কাছে মনে হয়।’

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কম জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘অন্য দেশের সাথে তুলনা করতে গেলে দেখবেন ওই জায়গা থেকে আমাদের পার্থক্যটা সবসময় অনেক বেশি থাকে। এটি সেই শূন্যতা পূরণ করার একটা প্রচেষ্টা। আমি আশা করবো দিন দিন এটি আরও বাড়তে থাকবে।’ ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নতুন মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি আমার পুরো ক্যারিয়ারটাই আবাহনীর জন্যই খেলেছি। আমরা সবসময় চ্যাম্পিয়ন বা রানার্সআপের মধ্যেই ছিলাম। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা সেই মানসিকতাতেই আছি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। মাশাআল্লাহ আমাদের দলও খুবই ভালো। আমরা আশা করতেই পারি যে প্রিমিয়ার লিগে আমরা একটা ভালো ফলাফল করবো।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন