তিন সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পাকিস্তানের লাহোরে ঘটেছে এই লোহমর্ষক ঘটনা। ইতিমধ্যে ওই নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর ডনের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পুলিশ জানায়, লাহোরের শাহ জামাল কলোনিতে তিন সন্তানকে হত্যা করে এক নারী। স্বামীর সঙ্গে বিচ্ছেদের জেরে ওই নারী তিন সন্তানকে হত্যা করেছে বলে দাবি পুলিশের।
এনিয়ে শুক্রবার দেশটির তদন্তকারী কর্মকর্তা ওই নারীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরশাদ হুসেনের সামনে হাজির করেন এবং হত্যাকাণ্ডের প্রমাণ উদ্ধারের জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।তদন্তকারী
কর্মকর্তা জানান, অভিযুক্তের ডিএনএ, পলিগ্রাফ এবং অন্যান্য মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই নারীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বলা হয়, লাহোরে শাহ জামাল কলোনির কাছে একটি বহুতল আবাসিক ভবনের একটি রুমে তিন শিশুকে গলা কেটে হত্যা করা হয়।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফয়সাল কামরান বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে তিন শিশুকে হত্যা করেছেন তাদের মা।
ডনকে কামরান বলেন, ওই নারী তার তিন সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী তাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন।
জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পুলিশকে বলেন, তিনি আত্মহত্যা করার পরিকল্পনা করেন তবে শেষমেশ এই চিন্তা বাদ দেন এই ভয়ে যে তিনি মারা গেলে তার স্বামী তিন সন্তানকে ফেলে চলে যাবে।
