সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির একজন ঊর্ধতন কর্মকর্তা এই হুঁশিয়ার বার্তা দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি ইসমাইল সাকাব ইস্ফাহানি বলেন, আমাদের লক্ষ্যবস্তুর তালিকা স্পষ্ট। যদি আমাদের কোনো তেলকূপে আঘাত হানা হয়, তাহলে আমরা সৌদি আরবের কোনো একটি তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তু বানাবো এবং সেই অনুযায়ী জবাব দেব।
তিনি আরও বলেন, ইরানের প্রতিক্রিয়া কৌশলের মধ্যে আনুপাতিক প্রতিশোধ থেকে শুরু করে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের এই কর্মকর্তা এটিকে সিঁড়ি হিসেবে বর্ণনা করেছেন, যা পরিস্থিতি অনুযায়ী হামলা আরও তীব্র হতে পারে।
ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে প্রতিশোধ নিতে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতর্কিত হামলা চালায়। ইরানি বাহিনী সৌদি আরবের বিমান ঘাঁটিসহ জ্বালানি স্থাপনাতেও হামলা চালায়।
নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর নেপথ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও রয়েছেন।
অভিযোগ, যুবরাজ সালমান প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিপক্ষে কথা বললেও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাপ দিয়েছেন।
