সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইদিনের কারাদণ্ড দেয়া হয়। বুধবার রাতে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি পিকআপে ২ হাজার ৪২০ লিটার পেট্রোল নিয়ে যাচ্ছিল অসাধু চক্র। এরপর অভিযান চালিয়ে পিকআপ চালক কামরুল ইসলাম ও তার সহযোগী লাভলু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে পিকআপসহ জব্দকৃত পেট্রোল থানায় সংরক্ষণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
