উপসাগরীয় অঞ্চলে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক্ষেত্রে সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দ্বিপক্ষীয় এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ওমানে বসবাসরত ৭ লক্ষাধিক বাংলাদেশিকে আশ্রয় দেয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়। বিশেষ করে ওষুধ শিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর-লজিস্টিক খাতে পারস্পরিক সহযোগিতা সমপ্রসারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।
