ভার্চ্যুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে গত বুধবার থেকে সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকালও কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। গত দু’দিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে আসছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। এ ছাড়াও সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। পরে সমাবেশে আইনজীবী নেতারা বলেন, আগামী সোমবারের মধ্যে সপ্তাহে দু’দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চ্যুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, এডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, এডভোকেট শাহ আহমেদ বাদল এডভোকেট মাকসুদ উল্লাহ, এডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চ্যুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ সময় সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করে এডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কোর্ট রুমে যেতে দেয়া হয় না। এটাও তো মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদের মাধ্যমে জাতি জানবে বিচার বিভাগে কী হয়। তিনি আরও বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ক্যামেরা ট্রায়ালের কারণে সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগে গণমাধ্যমের প্রবেশ অপরিহার্য। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন