স্প্যানিশ লা লিগায় সহজেই বড় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অল হোয়াইটদের জয় ৪-১ গোলে। ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। দু’টি পেনাল্টি আদায় করেন এ ব্রাজিলিয়ান তারকা নিজেই। এতে ফিরে আসে ৭৫ বছর আগের এক স্মৃতি।
এক ম্যাচে দু’টি পেনাল্টি আদায় করে দু’টিতেই গোল করার কীর্তি রিয়ালের কোনো খেলোয়াড়ের থেকে সবশেষ দেখা যায় ১৯৫১-এর ১৪ই অক্টোবরে। সেবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে দু’টি পেনাল্টি আদায় করে দু’টি থেকেই লক্ষ্যভেদ করেন দলের স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি। চোটের কারণে এখনও মাঠে ফিরতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি তারকার অভাব বুঝতেই দেননি ভিনি ও বাকিরা। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল নিজেদের পায়ে রাখা রিয়াল ১২টির মধ্যে ৫টি শট রাখে লক্ষ্যে। সোসিয়েদাদের ১১টি শটের মধ্যে লক্ষ্যে থাকে ৩টি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে দারুণ এক ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন গঞ্জালো গার্সিয়া। ২১তম মিনিটে পেনাল্টি থেকে সফরকারীদের সমতায় ফেরান মিকেল ওইয়ারসাবাল। রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন ডি-বক্সে ইয়ানজেল হেরেরাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিনিট চারেক পর সেই পেনাল্টি থেকেই রিয়ালকে এগিয়ে নেন ভিনি। ম্যাচের ৩১তম মিনিটে দর্শনীয় এক গোলে স্কোরলাইন ৩-১ করেন অধিনায়ক ফেদে ভালভার্দে। বক্সের একদম মুখ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এ উরুগুইয়ান তারকা। বাঁ দিকে পুরোটা লাফিয়েও বলের নাগাল পাননি সোসিয়েদাদ গোলকিপার।
বিরতি থেকে মাঠে ফিরেই মিনিট তিনেকের মধ্যে ফের পেনাল্টি আদায় করেন ভিনি। সফল স্পটকিকে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন এ সেলেসাও ফরোয়ার্ড। লা লিগায় এটি তার ১৫ ম্যাচ পর প্রথম জোড়া গোল। এরপরই দারুণ কিছু আক্রমণে ভীতি ছড়ায় সোসিয়েদাদ। তবে গোলকিপার থিবো কর্তোয়ার কারণে আর গোল খায়নি স্বাগতিক দল। ৮৪তম মিনিটে তো জালেই বল পাঠায় সফরকারীরা। অফসাইডের কারণে বাতিল হয় সেটি। শেষ দিকে আর্দা গুলেরের ফ্রি কিক থেকে হেডে জালে বল জড়ান ভিনি। অফসাইডের কারণে বাতিল হয় তার হ্যাটট্রিক গোলটি।
ভিনির জোড়া গোলে ফিরলো ৭৫ বছরের স্মৃতি
স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
