১৭ থেকে ৪১, অবিরাম যাত্রা রোনালদোর

১৭ থেকে ৪১, অবিরাম যাত্রা রোনালদোর

ফন্ট সাইজ:

৪১ বছরে পা দেয়ার পর প্রথম গোলটি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ২০০২-এর অক্টোবরে ১৭ বছর বয়সে যে পথচলার শুরু, এখনো দিব্যি সে পথ ধরেই হেঁটে যাচ্ছন পর্তুগিজ মহাতারকা। আল ফাতেহর মাঠে রোনালদোর গোলে প্রথমে এগিয়ে যায় আল নাসর। সৌদি প্রো লীগের ম্যাচে শেষ দিকে আরেকটি গোল করেন আয়মান ইয়াহিয়া। ২-০ গোলে জয়ের পর সামনে এগিয়ে যাওয়ার বার্তাও দেন রোনালদো।
টানা দুই ম্যাচ বয়কটের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠে ফেরার গুঞ্জন ছড়ায় আগেই। ম্যাচের আগে গা গরমের সময় আল নাসর অধিনায়ককে মাঠে দেখে উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ফেরার ম্যাচে দর্শকদের উপহার দিতেও ভোলেননি রোনালদো। অষ্টাদশ মিনিটে আফ্রিকান কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) শিরোপা জয়ী সাদিও মানের ক্রস থেকে আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন রোনালদো। চলতি লীগে ১৯ ম্যাচে রোনালদোর গোল হলো ১৮টি। ২ গোল বেশি নিয়ে উপরে কেবল আল আহলির ইংলিশ তারকা আইভন টোনি। ৭৮তম মিনিটে আল নাসরের হয়ে আরেকটি গোল করেন আয়মান ইয়াহিয়া। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘আরেকটি ধাপ, চলো এগিয়ে যেতে থাকি।’
অবশ্য বহুল আলোচিত ‘ধর্মঘট’ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি রোনালদো। লীগে আল নাসরের আগের দু’টি ম্যাচের স্কোয়াডে ছিলেন না এ পর্তুগিজ ফরোয়ার্ড। সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেট ফার্মের (পিআইএফ) কার্যক্রমে অসন্তুষ্টির কারণেই ম্যাচ দু’টি খেলেননি তিনি। বিশেষ করে, প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালে বিনিয়োগ বাড়ালেও, আল নাসরে তেমন কিছু না দেখায় বিরক্তি প্রকাশ করেন রোনালদো। তখন জানা যায়, তার বেশ কিছু দাবি মেনে না নেয়া পর্যন্ত আর মাঠে দেখা যাবে না তাকে।
এর মধ্যে আল নাসরে তার অবদানের কথা স্বীকার করেই সৌদি লীগ কর্তৃপক্ষের তরফ থেকে সতর্ক করা হয় সিআরসেভেনকে। তবে পরে জানা যায়, রোনালদোর দাবিগুলো পিআইএফ মেনে নিয়েছে এবং ক্লাবের পরিচালকদেরও স্বায়ত্তশাসনও ফিরিয়ে দেয়া হয়েছে। এরপরই মাঠে নামলেন রোনালদো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন