অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রেতে হারের ক্ষত এখনো টাটকা। তবে সেই হতাশা পেছনে ফেলে এবার স্প্যানিশ লা লিগায় মনোযোগ দিচ্ছে বার্সেলোনা। আজ রাত ২টায় জিরোনার মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল। মন্টিলিভি স্টেডিয়ামের ডার্বি ম্যাচটি বার্সার জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি কিছু পরিসংখ্যান তাদের আত্মবিশ্বাসও জোগাচ্ছে।
পরিসংখ্যান বার্সেলোনার পক্ষেই কথা বলছে। জিরোনার বিপক্ষে শেষ তিন ম্যাচেই জিতেছে কাতালানরা। শুধু তাই নয়, লা লিগায় মন্টিলিভি স্টেডিয়ামে শেষ পাঁচ সফরের চারটিতেই জয় নিয়ে ফিরেছে বার্সা।
শীতকালীন দলবদলে জিরোনা তাদের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে। নতুন মুখ হিসেবে তারা দলে ভিড়িয়েছে ক্লডিও এচেভেরি ও ফ্রান বেলত্রানের মতো তারকাদের। তবে সবচেয়ে বড় চমক ছিল বার্সার সাবেক গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের জিরোনায় যোগ দেওয়া। যদিও ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে থাকায় জরুরি ভিত্তিতে রুবেন ব্লাঙ্কোকে দলে নিতে হয়েছে জিরোনাকে। লিভাকোভিচ ও ইয়াসের আসপ্রিলার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছেড়ে দেয়ায় জিরোনার শক্তিতে কতটা প্রভাব পড়বে, তা আজই বোঝা যাবে।
এবারের মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড়দের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্ট। চলতি লা লিগায় ২৩ ম্যাচ শেষে রেকর্ড ২৩ বার বল পোস্টে মেরেছে বার্সা। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের আর কোনো দল এতবার পোস্টে বল মারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড ১৮ বার বল পোস্টে মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে। গোলপোস্টে বল লাগার এই অবিশ্বাস্য হার প্রমাণ করে বার্সার আক্রমণভাগ কতটা শক্তিশালী, যদিও ফিনিশিংয়ে কিছুটা দুর্ভাগ্যের ছোঁয়া লেগেছে।
জিরোনার বিপক্ষে বার্সেলোনার সর্বশেষ দেখায় ডাগআউটে রেকর্ড গড়েন হ্যান্সি ফ্লিক। ওই ম্যাচে পেদ্রির করা গোলটি ছিল ফ্লিকের অধীনে বার্সেলোনার ২০০তম গোল। মাত্র ৭১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে বার্সার ইতিহাসে তৃতীয় দ্রুততম কোচের রেকর্ড গড়েন এই জার্মান কোচ। বর্তমানে তার অধীনে বার্সার গোল সংখ্যা ২০১।
জয়ের ধারায় ফিরতে মরিয়া বার্সা
স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
